উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘দিল্লিতে গিয়েছি, অনেককে অনুরোধ করেছি কিন্তু কেউ কথা রাখেনি। যিনি কথা রেখেছেন তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।’ বুধবার সিঙ্গুরের সরকারি পরিষেবা প্রদান মঞ্চ থেকে এভাবেই আবেগঘন গলায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব) (Dev)। এদিন সিঙ্গুর থেকেই বহু প্রতীক্ষিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। আর এই দিনটিকে নিজের সাংসদ জীবনের অন্যতম বড় দিন হিসেবে অভিহিত করেন দেব।
মঞ্চে দাঁড়িয়ে দেব বলেন, ‘ঘাটালের মানুষের দীর্ঘ ১২ বছরের স্বপ্ন আজ পূরণ হলো। প্রতি বছর বৃষ্টি এলেই ঘাটালের গ্রামগুলো জলের তলায় চলে যায়। সাংসদ হিসেবে সংসদে আমার প্রথম ভাষণ ছিল এই মাস্টার প্ল্যান নিয়ে। দিল্লি কথা না রাখলেও ২০২৪-এর নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন রাজ্য সরকারই এই কাজ করবে। আজ সেই প্রতিশ্রুতি পূরণ হলো।’ কথা রাখার জন্য ঘাটালবাসীর পক্ষ থেকে হাতজোড় করে মুখ্যমন্ত্রীকে প্রণাম জানান তিনি।
এরই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের গড়িমসি এবং বঞ্চনার বিরুদ্ধে ফের একবার সুর চড়ান দেব। তিনি স্পষ্ট করে দেন, বাংলার মানুষের উন্নয়নের জন্য কেন্দ্র টাকা না দিলেও মুখ্যমন্ত্রী নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সেই কাজ করে দেখাচ্ছেন। এদিনের অনুষ্ঠানে দেব ও রচনার উপস্থিতি কর্মী-সমর্থকদের মধ্যে আলাদা উদ্দীপনা তৈরি করে।
পাশাপাশি তিনি বলেন, ‘যিনি মানুষের জন্য কাজ করেন, কথা দিয়ে কথা রাখেন, তিনি কেন ভোট পাবেন না? ২৫০টি আসনে জয়লাভ করে ফের ক্ষমতায় আসবে তৃণমূলই।’
