উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দিল্লি বিস্ফোরণের ষড়যন্ত্রকারীদের রেয়াত করা হবে না, বৃহস্পতিবার ভুটানের থিম্পুতে আয়োজিত গ্লোবাল পিস প্রেয়ার ফেস্টিভালে বক্তব্য রাখতে গিয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থিম্পুতে মোদি বলেছেন, ‘সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আমরা সবাই ব্যথিত। আমি গতকাল রাতে নিরাপত্তা এজেন্সি ও উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেছি। আমাদের এজেন্সিগুলি এই ষড়যন্ত্রের শেকড় খুঁজে বের করবে। ষড়যন্ত্রকারীদের রেয়াত করা হবে না। যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের যোগ্য বিচার হবে।’ বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে।
সোমবার সন্ধ্যা ৬টা ৫০ নাগাদ দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যালে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই মহিলা সহ ২০ জন। আহতদের লোক নায়ক জয় প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, একটি চলন্ত চারচাকা গাড়িতে বিস্ফোরণ হয়েছে। তাতে তিনজন বসেছিলেন। এটা আত্মঘাতী হামলা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ দুই কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে কাছাকাছি থাকা যানবাহনের জানালার কাচ, লাল কেল্লা মেট্রো স্টেশনের কাচ ভেঙে গিয়েছে। দিল্লি পুলিশ গাড়ির মালিক মহম্মদ সলমনকে আটক করেছে। ঘটনার পর দেশের প্রধান রেল স্টেশনগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
