উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিমানসংস্থা ইন্ডিগোর অব্যবস্থার কারণে বিমান বিভ্রাটে জেরবার যাত্রীরা। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অন্যান্য বিমানসংস্থাগুলি বাড়িয়ে দিয়েছে ভাড়া। এই বিপর্যয়ে অন্য বিমান সংস্থাগুলি ৪০ হাজার টাকা পর্যন্ত ভাড়া বাড়ায়। ভাড়া বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ না থাকায় উদ্বেগপ্রকাশ করে দিল্লি হাই কোর্ট। বুধবার কেন্দ্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্ট।
দিনে গড়ে ২২০০টি বিমান চালায় ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো। গত কয়েক দিনে শয়ে শয়ে উড়ান বাতিল করে সেই বিমান সংস্থা। উড়ান বাতিল হওয়ার কারণে বিপদের মুখে পড়েন যাত্রীরা। সেই সুযোগে অন্য বিমানসংস্থাগুলি টিকিটের মূল্যে বাড়িয়ে দেওয়ায় যাত্রীরা আরও সমস্যায় পড়েন। এহেন পরিস্থিতি স্বতপ্রণোদিত মামলা করে দিল্লি হাইকোর্ট।
বুধবার মামলাটি ওঠে দিল্লি হাই কোর্টের বিচারপতি গেদেলার বেঞ্চে। শুনানির সময় বিচারপতি প্রশ্ন করেন, “এই পরিস্থিতিতে অন্য বিমান সংস্থাগুলিকে কী ভাবে অত্যাধিক হারে বিমানভাড়া বাড়িয়ে নিতে পারে? পরিস্থিতির উপর কেন কেন্দ্রের নিয়ন্ত্রণ নেই?” বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের ভূমিকার প্রশংসা করলেও কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। আদালত জানতে চায়, ‘‘যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কী পদক্ষেপ করা হয়েছিল?’’ অবিলম্বে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে পদক্ষেপ করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
