উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল (Delhi Constructing Collapse)। রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লির সত্য নিকেতনে (Satya Niketan)। ধসে পড়া বহুতলটির ধ্বংসস্তূপে অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ।
জানা গিয়েছে, রবিবার দুপুর দেড়টা নাগাদ এই দুর্ঘটনার খবর পায় দিল্লি দমকলবাহিনী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় দমকল ও পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাউথ ক্যাম্পাসের খুব কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকা। এই এলাকায় প্রচুর পড়ুয়া ভাড়াবাড়িতে বা পেয়িংগেস্ট (PG) হিসেবে বসবাস করেন। স্থানীয় বিধায়কের দেওয়া তথ্য অনুযায়ী, যে বহুতলটি ধসে পড়েছে, সেখানেও বহু পড়ুয়া পেয়িংগেস্ট হিসেবে থাকতেন। ফলে রবিবারের এই দুর্ঘটনায় সেখানে থাকা বহু পড়ুয়া আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে (College students trapped)।
পরিস্থিতি সামাল দিতে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১২টি ইঞ্জিন। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ), দিল্লি পুলিশ, পুরনিগম (এমসিডি) এবং সিভিল ডিফেন্সের যৌথ দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। ইতিমধ্যেই ধ্বংসস্তূপ থেকে দু’জন ছাত্রকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
আরকে পুরমের বিজেপি বিধায়ক অনিল কুমার শর্মা এই দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়াশোনা করতে এসে এখানে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন পড়ুয়ারা। তাঁদের এভাবে বিপদে পড়া অত্যন্ত হৃদয়বিদারক।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এক্স হ্যান্ডেলে এই দুর্ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমস্ত রকম সহায়তা দেওয়া হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে পার্শ্ববর্তী একটি ভবনকেও দ্রুত খালি করানো হয়েছে। আটকে থাকা প্রত্যেককে নিরাপদে উদ্ধার করতে সমস্ত রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে, উদ্ধারকাজে সবরকমভাবে সহায়তা করতে ঘটনাস্থলে পৌঁছেছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলিও। শেষ পাওয়া খবর অনুযায়ী, ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও জোরকদমে চলছে।

