উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার পুলিশ সুপার বদল হল দার্জিলিংয়ে (Darjeeling New SP)। নতুন এসপি হচ্ছেন প্রতীক্ষা ঝাড়খারিয়া। তিনি এর আগে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার ছিলেন। এই প্রথম কোনও মহিলা দার্জিলিংয়ের পুলিশ সুপার হলেন।
দার্জিলিংয়ের বর্তমান এসপি প্রবীণ প্রকাশকে ৬ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট করা হচ্ছে। এর সঙ্গে পুলিশের উচ্চপদে আরও একগুচ্ছ রদবদল হয়েছে। শনিবার বিকেলে এই বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উল্লেখ্য, আজ ছিল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কর্মজীবনের শেষ দিন। গতকালই বিজ্ঞপ্তি জারি করে নতুন ডিজি হিসেবে পীযূষ পাণ্ডের নাম জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার সহ পুলিশের শীর্ষ পদে বেশ কিছু রদবদল করা হয়েছে।
