শুভ্রজ্যোতি রাহা, ডালখোলা: বছর খানেক আগে ডালখোলা (Dalkhola) পুর এলাকায় বাড়ি বাড়ি গ্যাস ও জলের লাইনের সংযোগ দেওয়ার জন্য বিভিন্ন ওয়ার্ডে রাস্তা খুঁড়ে পাইপ বসানোর কাজ হয়ে গিয়েছে। কিন্তু পাইপ পাতার কাজ হয়ে গেলেও ওই রাস্তাগুলি ঠিকমতো মেরামত করা হয়নি বলে অভিযোগ শহরবাসীর। বর্তমানে রাস্তাগুলি খানাখন্দে ভরে গিয়েছে। বর্ষাকালে অল্প বৃষ্টিতে রাস্তাগুলি জল কাদায় ভরে যায়। আবার শুষ্ক মরশুমে রাস্তা ধুলোয় ভরে যাচ্ছে। এতে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের।
পাইপ পাতার জন্য রাস্তার পাশে একাধিক গর্ত করার পাশাপাশি রাস্তার মাঝখানেও গর্ত করে পাইপলাইন বসানো হয়েছিল। ৪ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়া হয়ে বিহারে যাওয়ার রাস্তার পরিস্থিতি আরও বেহাল।
জ্যোতির্ময় সিদ্ধা নামে এক টোটোচালকের বক্তব্য, ‘আমি প্রায় প্রতিদিনই টোটোতে যাত্রী নিয়ে দেশবন্ধুপাড়ার রাস্তা দিয়ে বিহারে যাতায়াত করি। কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, যে কোনও মুহূর্তে দুর্ঘটনা হতে পারে।’
ওয়ার্ডের বাসিন্দাদের কথায়, পুজোর আগে পুরসভার পক্ষ থেকে কোনওরকমে রাস্তার কিছুটা অংশ মেরামত করা হয়েছিল। কিন্তু বেশিরভাগটাই এখনও বেহাল। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ছোট গাড়ি থেকে শুরু করে ভারী যানবাহন চলাচল করে। ফলে রাস্তা ধুলোয় ভরে যায়। হেঁটে, সাইকেল বা মোটরবাইক নিয়ে চলাফেরা করা যায় না।
এবিষয়ে দেশবন্ধুপাড়ার বাসিন্দা জগদীশ কুণ্ডু অভিযোগ করে বললেন, ‘প্রথমে বাড়ি বাড়ি গ্যাসের পাইপলাইন বসানোর জন্য রাস্তা খোঁড়া হয়েছিল, পরবর্তীতে আবার জলের পাইপলাইন বসানোর জন্য দ্বিতীয়বার রাস্তা খোঁড়া হয়। যদিও ওই কাজ অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। জলের পাইপলাইন দিয়ে ঠিকমতো জলও পাওয়া যায় না। অথচ রাস্তার অবস্থা বেহাল করে দেওয়া হল। পুজোর আগে রাস্তার কিছুটা অংশ মেরামত করা হলেও তা যথেষ্ট নয়। ফলে সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। রাস্তার হাল ফেরাতে ব্যর্থ পুর প্রশাসন।’
ডালখোলা পুরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদ জানালেন, পুর এলাকায় বেশ কিছু রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে। শীঘ্রই সেগুলির কাজ শুরু হবে।
