উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আধ্যাত্মিক জগতের নক্ষত্র তিব্বতি ধর্মগুরু দলাই লামা (Dalai Lama) এক অনন্য নজির সৃষ্টি করলেন। ৯০ বছর বয়সে জীবনের প্রথম গ্র্যামি পুরস্কার জয় করলেন তিনি (Grammy Win)। সংগীতজগতের এই শ্রেষ্ঠ সম্মান তাঁর হাতে তুলে দেওয়ার মাধ্যমে বিশ্বব্যাপী তাঁর শান্তি ও মৈত্রীর বার্তাকেই স্বীকৃতি দেওয়া হল। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা’ (Meditations: The Reflections of His Holiness the Dalai Lama) অ্যালবামটির জন্য ‘বেস্ট অডিও বুক, ন্যারেশন এবং স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে এই পুরস্কার জিতেছেন তিনি (Greatest Audio E book, Narration, and Storytelling Recording)।
এবারের বিভাগে লড়াই বেশ কঠিন ছিল। দলাই লামার সঙ্গে মনোনীতদের তালিকায় ছিলেন প্রাক্তন জনপ্রিয় টিভি হোস্ট ট্রেভর নোয়াহ, কেতাঞ্জি ব্রাউন জ্যাকসন এবং ফ্যাব মোরভানের মতো ব্যক্তিত্বরা। তবে দলাই লামার গভীর জীবনদর্শন ও ধ্যানের পদ্ধতির সাবলীল উপস্থাপনা বিচারকদের মন জয় করে নেয়। ধর্মগুরুর হয়ে পুরস্কারটি গ্রহণ করেন সংগীতশিল্পী রুফাস ওয়েনরাইট।
পরবর্তীতে পুরস্কার জয়ের পর অত্যন্ত বিনম্রতার সঙ্গে দলাই লামা বলেন, ‘এটি আমার ব্যক্তিগত জয় নয়, বরং মানবজাতির একতা এবং বিশ্বজনীন দায়িত্ববোধের জয়। আশা করি এই সম্মান শান্তি, করুণা এবং পরিবেশ রক্ষার বার্তাকে বিশ্বের ৮০০ কোটি মানুষের কাছে আরও দৃঢ়ভাবে পৌঁছে দেবে।’
প্রসঙ্গত, বিনোদনজগতের বাইরের কারোর গ্র্যামি জয়ের ঘটনা এই প্রথম নয়। এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দু’বার এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা দু’বার এই সম্মান পেয়েছেন। এমনকি ২০১১ সালে মরণোত্তর ট্রাস্টি গ্র্যামি পেয়েছিলেন অ্যাপল-এর প্রতিষ্ঠাতা স্টিভ জবস। তবে ৯০ বছর বয়সে দলাই লামার এই অর্জন ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ।
