গাজোল: মাদক পাচারকারীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মালদা জেলার গাজোল থানার পুলিশ। রবিবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাক ভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে (Cough Syrup Seized)। পুলিশের দাবি, গাজোল থানার ইতিহাসে এটিই একক অভিযানে সবথেকে বড় পরিমাণ কফ সিরাপ উদ্ধারের ঘটনা। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করার পাশাপাশি দুটি ট্রাককেও আটক করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে টোল প্লাজা এলাকায় ওত পেতে ছিল পুলিশ। দুটি সন্দেহভাজন ট্রাককে দাঁড় করিয়ে চালক ও খালাসিদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথায় অসংগতি ধরা পড়ে। এরপরই গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জি এবং ম্যাজিস্ট্রেট হিসেবে বিডিও বিপ্লব কুমার বিশ্বাসের উপস্থিতিতে গাড়ি দুটিতে তল্লাশি চালানো হয়। ট্রাকের ভেতরে পেটিতে সাজানো অবস্থায় মোট ২৯,১০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। এর মধ্যে একটি ট্রাক থেকে ১৪,২৫০ বোতল এবং অপরটি থেকে ১৪,৮৫০ বোতল সিরাপ উদ্ধার হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন মুর্শিদাবাদের লালবাগ এলাকার ইব্রাহিম শেখ (৩১) ও হাসিবুল শেখ (৩৪) এবং বহরমপুরের সূর্যকান্ত কর্মকার (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, হাওড়ার একটি গুদাম থেকে এই বিপুল পরিমাণ কফ সিরাপ নিয়ে তারা বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ডালখোলা ও পূর্ণিয়া মোড় হয়ে বিহারে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের।
সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এই পাচারচক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং হাওড়ার কোন গুদাম থেকে এই বিপুল পরিমাণ মাদক আসছিল, তা জানতে ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, এর আগে গাজোল থেকে সর্বোচ্চ ২১ হাজার বোতল কফ সিরাপ উদ্ধার হয়েছিল, সেই রেকর্ড ছাপিয়ে রবিবারের এই অপারেশন পুলিশের বড় কৃতিত্ব হিসেবে দেখা হচ্ছে।
