কৌশিক বর্মন, পুণ্ডিবাড়ি : বেশ কিছু হোটেলে গোপনে পতিতাবৃত্তি চালানো হয় বলে অভিযোগ রয়েছে। নিউ কোচবিহারের একটি হোটেলের ঘটনায় সেই অভিযোগ আরও জোরালো হল। অসম থেকে এক নাবালিকাকে নিয়ে এসে ওই হোটেলে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় তার এক দূর সম্পর্কের বৌদির দিকে অভিযোগের আঙুল। এখানেই শেষ নয়, সেই নাবালিকাকে ওই হোটেলেই আটকে রেখে তাকে দিয়ে জোর করে যৌনকর্মী হিসেবে কাজ করানো হত। রবিবার অসম পুলিশের একটি টিম ওই হোটেলে অভিযান চালায়। ওই হোটেলের ম্যানেজার ও এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে পুণ্ডিবাড়ি থানার নিউ কোচবিহার রেলস্টেশন সংলগ্ন এলাকায় শোরগোল ছড়িয়েছে।
অসমের বিলাসিপাড়া থানার ওসি রাতুল হালোই বলেন, ‘আমাদের থানায় একটি মামলা দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে আমরা পুণ্ডিবাড়ি থানা এলাকার একটি হোটেলে অভিযান চালাই। সেখান থেকে শ্যামল দাস ও রাজু সেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।’
অসমের বিলাসিপাড়া থানা এলাকার এক নাবালিকা ১৯ অক্টোবর তার দূরসম্পর্কের এক বৌদির সঙ্গে নিউ কোচবিহার রেলস্টেশন সংলগ্ন একটি হোটেলে আসে। অভিযোগ, সেখানে ওই নাবালিকাকে আটকে রাখা হয়। তাকে দিয়ে সেখানে জোর করে যৌনকর্মী হিসেবে কাজ করানো হয়। বহু কান্নাকাটি করলেও তাকে ছাড়া হচ্ছিল না। পরে ওই নাবালিকা সুযোগ পেয়ে ওই হোটেল থেকে পালায়। অসমের বিলাসিপাড়া থানার পুলিশ শনিবার ফকিরাগ্রাম রেলস্টেশন থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে। পরে তার বয়ান অনুযায়ী পুণ্ডিবাড়ি থানার পুলিশের সহযোগিতায় বিলাসিপাড়া থানার ওসি রাতুল হালোইয়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এদিন সকালে নিউ কোচবিহার রেলস্টেশন সংলগ্ন ওই হোটেলে অভিযান চালায়। হোটেলের ম্যানেজার ও এক কর্মীকে গ্রেপ্তার করা হয়।
নিউ কোচবিহার রেলস্টেশন সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে কি এই হোটেলে দীর্ঘদিন ধরেই দেহব্যবসা চালানো হত? নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একজনের কথায়, ‘এ ধরনের ঘটনা আমাদের এলাকায় ঘটেছে বলে প্রথম শুনলাম। আগামীতে আমাদের আরও সতর্ক থাকতে হবে। পাশাপাশি, এ বিষয়ে প্রশাসনের আরও কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন।’ সংশ্লিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান কমল রায় বলেন, ‘এই হোটেলটিতে যদি সত্যিই এ ধরনের ঘটনা ঘটে থাকে তবে খুবই খারাপ হয়েছে। খোঁজখবর নিয়ে গ্রাম পঞ্চায়েতের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
