গৌরহরি দাস, কোচবিহার: গোটা রাজ্যের সরকারপোষিত হোমগুলির মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের বিচারে শীর্ষস্থান পাওয়া ১১ জন ছাত্রীর মধ্যে কোচবিহারের (Cooch Behar) নিরাশ্রয় নারী ও শিশু সেবা ভবনের সাত ছাত্রী রয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে কলকাতার নিউটাউনে উৎসারি ব্যাংকোয়েট হলে সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
কোচবিহার শহর লাগোয়া চাকির মোড় সংলগ্ন এলাকায় রয়েছে অনাথ ও দুঃস্থ মেয়েদের জন্য ‘নিরাশ্রয় নারী ও শিশু সেবা ভবন হোম’। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হোমটি মেয়েদের জন্য সরকারি জনশিক্ষা প্রসার দপ্তরের অধীনস্থ। হোমটিতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া, অনাথ ও দুঃস্থ মেয়েরা থাকে। বর্তমানে হোমটিতে ১২৩ জন আবাসিক রয়েছে। রাজ্যের সরকারপোষিত হোমের যেসব আবাসিকরা এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় দিয়েছে, ফলাফলের ভিত্তিতে সরকারের তরফে কৃতীদের তালিকা তৈরি করা হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতীদের তালিকায় পাঁচজন মেয়েকে স্থান দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, শুধুমাত্র দ্বিতীয় স্থানটি বাদে বাকি চারজনই কোচবিহারের ‘নিরাশ্রয় নারী ও শিশু সেবাভবন’ হোমের ছাত্রী। এরা হল জয়িতা বর্মন, পিউলি কার্জি, কমলিকা বর্মন ও প্রতিমা বর্মন। এর মধ্যে জয়িতা বর্মন প্রথম হয়েছে।
মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজ্যের প্রথম ৬ ছাত্রীকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যেও প্রথম স্থান সহ মোট তিনজন কোচবিহারের এই হোমের আবাসিক। এরা হলেন অপরূপা বর্মন, জয়িতা বর্মন ও শর্মিলা দাস। প্রথম স্থান অধিকার করেছে অপরূপা।
হোমের সম্পাদক অলক রায় বলেন, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে শীর্ষ ১১ জনের মধ্যে আমাদের হোমেরই ৭ জন মেয়ে রয়েছে। এতে আমরা খুবই খুশি এবং গর্বিত।’
