Cooch Behar | মহড়া না দেখে হতাশ চার শহর

Cooch Behar | মহড়া না দেখে হতাশ চার শহর

ভিডিও/VIDEO
Spread the love


কোচবিহার ব্যুরো: কথা ছিল দেশজুড়ে যুদ্ধের মহড়া হবে। সেই তালিকায় নাম ছিল কোচবিহার, দিনহাটা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জেরও। কিন্তু কোথায় কী! জেলার চারটি শহরে কোথাও মহড়ার কোনও দৃশ্য নজরে পড়েনি। অনেকেই বলছেন, ‘যুদ্ধের মহড়ায় অংশ নেব বলে মুখিয়ে ছিলাম। কিন্তু তেমন কিছুই তো দেখলাম না।’ প্রশাসনের কাছেও পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। সিভিল ডিফেন্সের জেলার আধিকারিক সোনালি বিশ্বাস বলেছেন, ‘মহড়া নিয়ে কোনও নির্দেশিকা আসেনি।’ মহড়া সম্পর্কিত কোনও খবরই নাকি তাঁদের কাছে নেই বলে জানিয়েছেন মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনুকুমার মণ্ডল।

বুধবারের মহড়া নিয়ে বহু মানুষের মধ্যেই উৎসাহ ছিল। মহড়ায় কী কী হবে, সাধারণ মানুষের কী কী করতে হবে, তা নিয়ে আগে থেকেই চর্চা চলছিল। অবশ্য বুধবার সকালেই সবার কাছে অপারেশন সিঁদুরের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এরপর মহড়া হবে কি না তা নিয়েও চর্চা হয়। কিন্তু শিলিগুড়ি সহ নানা জায়গায় মহড়া হলেও বুধবার সন্ধ্যায় এ খবর লেখা পর্যন্ত কোচবিহারে কোনওরকম মহড়া হয়নি। এমনকি প্রশাসনের আধিকারিকরাও মহড়া সম্পর্কিত বিষয়ে স্পষ্ট কোনও ধারণা দিতে পারেননি। ফলে মহড়া নজরে না পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

কোচবিহার শহরের তরুণ হর্ষ সাহার কথায়, ‘মহড়ার কথা শোনার পর আশায় ছিলাম যুদ্ধকালীন অবস্থায় সাধারণ মানুষের কী কী করতে হয়, সেবিষয়ে কিছু শিখতে পারব। কোথাও মহড়া হলে সেখানে অংশ নেব ভেবেছিলাম। কিন্তু কোথাও তো তেমন কিছুই দেখতে পেলাম না।’ কোথাও মহড়া দেখতে না পেয়ে দিনহাটার কলেজ পড়ুয়া গোবিন্দ সাহাও উৎসাহ হারিয়ে ফেলেছেন। তিনি বলেছেন, ‘টেলিভিশন, খবরের কাগজে দেখলাম দেশের বিভিন্ন জায়গায় যুদ্ধকালীন মহড়া হবে। সেই তালিকায় দিনহাটারও নাম থাকায় মুখিয়ে ছিলাম যে সেখানে অংশ নেব। কিন্তু সদর মহকুমা শাসকের দপ্তর থেকে শুরু করে সংহতি ময়দান, কোথাও এরকম কোনও মহড়া নজরে পড়েনি।’

কোচবিহার, দিনহাটার মতো মাথাভাঙ্গা ও মেখলিগঞ্জেও মহড়ার কোনও দৃশ্য নজরে পড়েনি। মাথাভাঙ্গা শহরের পচাগড়ের বাসিন্দা রাজু বিশ্বশর্মা বলেছেন, ‘মহড়া হবে শুনেছিলাম। কিন্তু কীভাবে হয়, তার কোনও ধারণা নেই। মাথাভাঙ্গায় তো এখনও সেরকম কিছু দেখতেই পারলাম না।’

যদিও সিভিল ডিফেন্স সূত্রেই জানা গিয়েছে, কোনও সমস্যা হলে তার মোকাবিলা করার জন্য তারা সবসময়ই প্রস্তুত থাকে। মহড়ার কোনও নির্দেশ এলে সেইমতো কাজ করা হবে। ভলান্টিয়ার, সাইরেনও প্রস্তুত রাখা হয়েছে বলে তারা জানিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *