কোচবিহার: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মূর্তি বসানোর জায়গা চেয়ে চার মাস আগে জেলা শাসককে চিঠি দিয়েছিল জেলা সিপিএম নেতৃত্ব। আজ অবধি সেই চিঠির উত্তর পায়নি বলে অভিযোগ। এদিকে, সিপিএমের তরফে মূর্তি তৈরি করতে দেওয়া হয়ে গিয়েছে। এখন সেই মূর্তি কোথায় বসানো হবে সেই জায়গাটাই আজ পর্যন্ত পাওয়া গেল না।
কথায় বলে, ‘চিরদিন কারও সমান নাহি যায়’ এক সময় দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা তথা মুখ্যমন্ত্রীর জন্য সামান্য একটা মূর্তি বসানোর জায়গা খুঁজে পাচ্ছে না সিপিএম। এই দলই একদিন ঘোষণা করেছিল ‘লাঙল যার জমি তার’।
উদ্বাস্তু আন্দোলনের এবার ৭৫ বছর পূর্ণ হবে। সেই কারণে সিপিএমের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। স্মরণিকা প্রকাশ থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মসূচি, খেলাধুলো, এসব ছাড়াও বছরভর চলছে রক্তদান শিবিরের কাজ। সেই প্ল্যাটিনাম জুবিলির উৎসব উপলক্ষ্যে কোচবিহারের সাগরদিঘি চত্বরে জ্যোতি বসুর একটি মূর্তি বসানোর জন্য জায়গার আবেদন করেছিল জেলা সিপিএম। তাদের অভিযোগ চার মাস হয়ে যাওয়ার পরেও জেলা শাসকের কাছ থেকে সেই চিঠির কোনওরকম উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
এবিষয়ে সিপিএম নেতা মহানন্দ সাহা বলেন, ‘আমরা ৮ ফুট বাই ১০ ফুট একটি জায়গার জন্য আবেদন করেছিলাম জেলা শাসকের কাছে। সাগরদিঘি চত্বরে না পাওয়া গেলেও ব্রাহ্ম মন্দিরের মাঠের মধ্যেও যদি জায়গা পাওয়া যায় তাহলেও মূর্তিটি আমরা সেখানে বসানোর ব্যবস্থা করব। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত ওইটুকু জায়গা পাওয়া তো দূরের কথা, সেই চিঠির আমরা কোনও উত্তর পাইনি।’ তাঁর আরও সংযোজন, পুরসভার সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান রায়ের মূর্তি রয়েছে। সাগরদিঘি চত্বর ঘিরে রয়েছে আরও বহু মূর্তি। কিন্তু আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য কোচবিহারে এতটুকু জায়গা দিচ্ছে না বর্তমান শাসক।
