কোচবিহার ব্যুরো: নির্বাচন যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলির কর্মব্যস্ততাও বাড়ছে একই হারে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও বুথে সাংগঠনিক কর্মসূচি সারছে শাসক-বিরোধী সব দল। রবিবার ছুটির দিনে জেলাজুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করল তৃণমূল ও বিজেপি। এদিন তুফানগঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদের তরফে খেলা হবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ২০০ জন প্রতিযোগী সেখানে অংশ নিয়েছিলেন। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি সহ নানা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এদিন মাথাভাঙ্গা-২ ব্লকের বড় শৌলমারিতে মিছিল করে তৃণমূল। হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের ২/২২৭ নম্বর বুথেও সম্মেলন হয়। অন্যদিকে, দিনহাটা-১ ব্লকের গোসানিমারি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল একটি বাইক মিছিলের আয়োজন করেছিল। বিধানসভা নির্বাচন উপলক্ষ্যেই মিছিল বলে নেতৃত্ব জানায়।
এদিকে, উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি এলাকায় হলদিবাড়ি ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভা হয়েছে। একইভাবে কর্মীসভা আয়োজিত হয় জামালদহ অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে জামালদহ জুনিয়ার বেসিক স্কুল ময়দানে। দুটি সভাতেই জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা, মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সহ অন্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। দলীয় কর্মসূচি পালনে পিছিয়ে নেই পদ্ম শিবিরও।
রবিবার মাথাভাঙ্গা-২ ব্লকের বড় শৌলমারির প্যারাডাইস ক্লাব ও পাঠাগারের খেলার মাঠে পরিবর্তন যাত্রার প্রস্তুতি বৈঠক করে বিজেপি। সেখানে মাথাভাঙ্গা বিধানসভার ১ নম্বর মণ্ডলে পরিবর্তন যাত্রার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। দলের জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিধায়ক সুশীল বর্মন উপস্থিত ছিলেন। এদিকে, বিকশিত ভারত গড়ার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন ও ভাতা নয়, চাকরি চায় বাংলা। এইসব স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর চিঠি হাতে পারডুবি সহ বিভিন্ন বুথে জনসম্পর্ক অভিযান করেছে পদ্ম গোষ্ঠী।
