শিবশংকর সূত্রধর, কোচবিহার: ক্লাব দখল করতে গিয়ে গুলি চালানোর মতো গুরুতর অভিযোগ উঠল কোচবিহারে (Cooch Behar)। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে কোচবিহার শহর সংলগ্ন উত্তর টাকাগাছ স্পোর্টিং ক্লাব চত্বরে। জানা গিয়েছে, রবিবার বিকেলে এলাকার কিছু বাসিন্দা ওই ক্লাবে (Membership) গিয়ে তালা ভেঙে ঘরে ঢোকে। সেই সময় আতঙ্ক ছড়াতে অভিযুক্তরা শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ তুলেছেন ক্লাবের সম্পাদক আসকার আলি। উত্তেজনা ছড়ালে পুন্ডিবাড়ি (Pundibari) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মাখন রায় নামে এক অভিযুক্তকে আটক করা হয়। তবে আদৌ গুলি চলেছিল কিনা বা ঘটনার পেছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই ক্লাবের দায়িত্বে রয়েছেন আসকার আলি। অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালা বদলের পরই আরেক পক্ষ ক্লাবের দখল নিতে মরিয়া হয়ে ওঠে। ক্লাবের হিসেবপত্র প্রকাশ্যে আনা দাবিতে এর আগেও কয়েকবার জলঘোলা হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই অবস্থায় রবিবার বেশ কয়েকজন ক্লাবের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরিস্থিতি বেগতিক বুঝে ফের তারা অন্য একটি তালা মেরে চলে যাওয়ার চেষ্টা করে। সেই সময়ই চারজনকে আটক করে ক্লাবের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা। তার মধ্যে মাখনকে পুলিশের হাতে তুলে দেওয়া সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়।
এই বিষয়ে ক্লাবের সম্পাদক আসকার আলি বলেন, ‘ক্লাবের তালা ভেঙে ওরা ঘরে ঢুকেছিল। গুলিও চালানো হয়। কেন এধরনের ঘটনা ঘটালো তা জানি না। এর আগেও ওরা একাধিকবার ক্লাবের হিসেব চেয়েছিল। কিন্তু ওরা যেহেতু ক্লাবের কেউ না, তাই তাদের হিসেব দেওয়া হয়নি। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিক।’ এদিকে ধৃত মাখন রায় গুলি চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য, ‘আমরা কয়েকজন এসেছিলাম। তার মধ্যে একজন তালা ভাঙে। ক্লাবের ভেতরেও ঢুকেছিলাম। শেষে আমি ফিরে আসি।’
রাজ্যে পালাবদলের পর বহু ক্লাবের কর্তৃত্ব দখল নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ উঠছে। ক্লাব কোন পক্ষের হাতে থাকবে তা নিয়ে জলঘোলা যেন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে উত্তর টাকাগাছ এলাকায় ক্লাব দখলকে কেন্দ্র করে গুলি চালানোর মতো অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। এলাকায় পুলিশি টহলের দাবিও তুলেছেন তারা।

