বর্ধমান: রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও এসআইআর (SIR) শুনানি নিয়ে উত্তেজনার মধ্যেই বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা রাজ্য এস.টি সেলের সভাপতি দেবু টুডু (Debu Tudu)। রবিবার বর্ধমানের ভিটা এবং কালনার সভা থেকে বিজেপি নেতাদের ‘পিটিয়ে ছাল-চামড়া’ তুলে নেওয়ার হুঁশিয়ারি (Controversial Speech) দেন তিনি। তৃণমূল নেতার এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র নিন্দা শুরু হয়েছে।
বিতর্কিত মন্তব্য ও হুঁশিয়ারি: বর্ধমান ১ নম্বর ব্লকের ভিটা গ্রামে দলীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দেবু টুডু বলেন, “ভোটার তালিকা থেকে যদি একটাও মুসলমান, মতুয়া, বাগদি বা আদিবাসীর নাম বাদ যায়, তবে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব না। আমরা বিজেপি নেতাদের পিটিয়ে ছাল-চামড়া তুলে দেব।” তাঁর আরও সংযোজন, “নির্বাচন কমিশন মানেই বিজেপি। একটা বিজেপি নেতাকেও বাস করতে দেব না।” এমনকি কেন্দ্রীয় সংস্থাকে (ED-CBI) ‘শীতকালের হনুমান’-এর সঙ্গে তুলনা করেন তিনি।
কালনার সভা থেকে হুঙ্কার: একই দিনে কালনা ২ ব্লকের সিঙ্গারকোনের সভা থেকেও কড়া দাওয়াই দেন দেবু টুডু। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আসলে একজন বিজেপি নেতা। তাঁর অভিযোগ, চক্রান্ত করে আদিবাসী ও সংখ্যালঘুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। সেখানেও তিনি ‘পাঁচন’ দিয়ে বিজেপিকে জবাব দেওয়ার নিদান দেন।
বিজেপির পাল্টা জবাব: তৃণমূল নেতার এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা। তিনি বলেন, “তৃণমূল ভয় পেয়েছে, তাদের পায়ের তলার মাটি আলগা হয়েছে বলেই এই ধরণের হুমকি দিচ্ছে। সাধারণ মানুষ ভয় পাবে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক হওয়ার জন্যই এই ধরণের কুরুচিকর মন্তব্য করছেন দেবু টুডু।”
