কল্লোল মজুমদার, মালদা: উপাচার্য হিসেবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (College of Gour Banga) দায়িত্ব নেওয়ার একদিনের মাথায় দ্বিতীয় সিমেস্টারে ভর্তির ফি কমিয়ে দিলেন আশিস ভট্টাচার্য। তাঁর এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা। প্রায় ৬ মাস ধরে চলতে থাকা পড়ুয়া আন্দোলনের পরিসমাপ্তি ঘটল।
প্রসঙ্গত, চলতি বছর জুন মাসের ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত স্নাতকোত্তরের দ্বিতীয় সিমেস্টারের ছাত্রছাত্রীদের ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু ওই বিজ্ঞপ্তিতে ভর্তি ফি বিগত বছরগুলি তুলনায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল। ভর্তি ফি কমানোর দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছিলেন ছাত্রছাত্রীদের একাংশ। লাগাতার আন্দোলনের জেরে বারবার বিজ্ঞপ্তি জারি হলেও, ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়নি। এরই মধ্যে কেটে গিয়েছে পাঁচটি মাস। সেই সময় অভিযোগ ওঠে, কলা বিভাগ সহ নন ল্যাব বেস বিষয়ে ৪৮০০ টাকা, বিজ্ঞান বিভাগ অর্থাৎ ল্যাব বেস বিষয়ে ৬৮০০ টাকা ভর্তি ফি ধার্য করা হয়।
পড়ুয়ারা অভিযোগ তোলেন, বিগত বছরগুলিতে কলা বিভাগে ২২৫০ টাকা এবং বিজ্ঞান বিভাগে ভর্তি ফি ছিল ৩৬৫০ টাকা। এই টাকা দিতে না চাওয়ায় আন্দোলন শুরু হয়। তবে সেই সময় উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে সেই অচলাবস্থা কাটাতে বৈঠক ডাকেন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। তাতেও মেলেনি সমাধানসূত্র। ফলে প্রায় ছয় মাস পঠনপাঠন বন্ধ হয়ে যায় দ্বিতীয় সিমেস্টারের পড়ুয়াদের। তারপর থেকে অচলাবস্থা চলছিল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই আশিস ভট্টাচার্য সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেছিলেন, তাঁর প্রথম পদক্ষেপ থাকবে দ্বিতীয় সিমেস্টারে ভর্তি সংক্রান্ত জটিলতা দূর করা। আর বুধবার নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আধিকারিক এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠক করে ভর্তি ফি কমানোর সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে নয়া উপাচার্য আশিস ভট্টাচার্য বলেন, ‘আজকেই ভর্তির বিজ্ঞপ্তি জারি হবে।’
নতুন উপাচার্যের ঘোষণামতো নন ল্যাব বেসের ক্ষেত্রে ৪৮০০ থেকে কমিয়ে করা হল ৩৬০০ টাকা। এছাড়াও ল্যাব বেসের ক্ষেত্রে ৬৮০০ টাকার পরিবর্তে ফি করা হয়েছে ৫৬০০ টাকা। আর বিষয়ভিত্তিক ভর্তির তারিখ দেওয়া হয়েছে ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত।
