উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur College) যে কোনও মূল্যে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শনিবার নিজের কেন্দ্র ভবানীপুরে এক সরকারি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বার্তা দেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে তিনি বলেন, ‘যাদবপুরে বন্দে মাতরম গাইতে দেওয়া হয় না, জাতীয় পতাকাও ওড়ে না। তবে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই।’ শুভেন্দু স্পষ্ট জানান, রাজ্যে থাকতে হলে ‘বন্দে মাতরম’ গাইতে হবে এবং রাষ্ট্রবাদের সঙ্গে কোনও সমঝোতা করা হবে না। দেশবিরোধী স্লোগানদাতাদের উদ্দেশ্যে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যাঁরা ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান তুলবেন, তাঁদের মুখ সেলাই করে দেওয়ার দায়িত্ব আমাদের।”
তিনি আরও বলেন, ‘ডোরিনা ক্রসিং থেকে যাদবপুর পর্যন্ত বাম ও অতি-বাম দলগুলি যতই রাজনীতি করার চেষ্টা করুক, সরকার নিজের অবস্থান থেকে সরবে না। এই সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ ও সনাতন সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’
সম্প্রতি ইঞ্জিনিয়ারিং ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘটনার পর বাম সংগঠনগুলির বিরোধিতার মুখে পড়ে রাজ্য সরকার। তার পালটা জবাবেই এদিনের সভা থেকে রাজনৈতিক বিরোধীদের কড়া ভাষায় নিশানা করেন শুভেন্দু অধিকারী।

