উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Meeting Election 2026) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রাজপথে নেমে রাজনৈতিক কর্মসূচি শুরু করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার রান্নার গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির (LPG Worth Hike) প্রতিবাদে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এক বিশাল পদযাত্রার নেতৃত্ব দেন তিনি। যদিও এই কর্মসূচিটি পূর্বনির্ধারিত ছিল, তবে ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক পরের দিনই তাঁর এই সক্রিয়তা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
নির্বাচন কমিশনের (ECI) নির্দেশে রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত রাজ্যের প্রশাসনিক ও পুলিশ মহলে একাধিক রদবদল ঘটেছে। তার মধ্যেই মুখ্যমন্ত্রী এই মিছিলে (Kolkata Rally) সামিল হয়ে কেন্দ্র বিরোধী সুর আরও চড়া করেন। এদিনের পদযাত্রায় মমতার পাশে তৃণমূলের ‘মহিলা ব্রিগেড’-এর সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলে অংশ নেওয়া অনেক নেত্রী ও কর্মীর মাথায় ছিল রান্নার গ্যাসের প্রতীকী সিলিন্ডার।
মিছিলের একেবারে সামনের সারিতে তৃণমূলনেত্রীর সঙ্গে ছিলেন বিরবাহা হাঁসদা, সায়নী ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য ও নয়না দাসের মতো প্রথম সারির মহিলা নেতৃত্ব। গত সপ্তাহেই এসআইআর ইস্যুতে ধর্মতলার মেট্রো চ্যানেলে টানা পাঁচ দিনের ধর্না কর্মসূচি শেষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মিছিল থেকে মূল্যবৃদ্ধির পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় বঞ্চনা ও সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সরব হয়ে নির্বাচনী প্রচারের আবহে বাড়তি উত্তাপ যোগ করলেন তৃণমূলনেত্রী।
