CM Mamata Banerjee | ‘বাংলা তাঁদেরই ভালবাসে যারা বাংলাকে ভালবাসে’, নতুন রাজ্যপালকে প্রথম সাক্ষাতেই বার্তা মমতার

CM Mamata Banerjee | ‘বাংলা তাঁদেরই ভালবাসে যারা বাংলাকে ভালবাসে’, নতুন রাজ্যপালকে প্রথম সাক্ষাতেই বার্তা মমতার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কড়া রাজনৈতিক উত্তাপ আর সংঘাতের আবহেও সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে লোকভবনে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি (RN Ravi) । আর শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হতেই নবনিযুক্ত রাজ্যপালকে বাংলার রীতি মেনে আপন করে নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, প্রথম সাক্ষাতেই রবিকে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে।”

সিভি আনন্দ বোসের (CV Ananada Bose) আচমকা পদত্যাগ এবং তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল আর এন রবির নিয়োগ নিয়ে গত কয়েকদিন ধরেই সরব ছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি ধর্মতলার ধরনা মঞ্চ থেকেও রবিকে ‘বিজেপির ক্যাডার’ বলে আক্রমণ করেছিলেন তিনি। অভিযোগ তুলেছিলেন, লোকভবনকে ‘বিজেপির দলীয় অফিস’ বানানোর চেষ্টা করছে কেন্দ্র। কিন্তু এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে সেই তিক্ততা সরিয়ে রেখে সৌজন্য বিনিময় করতে দেখা গেল তাঁকে।

রাজনৈতিক মহলের মতে, নাগাল্যান্ড ও তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন অবিজেপি সরকারের সঙ্গে রবির সংঘাতের ইতিহাস সর্বজনবিদিত। স্ট্যালিন সরকারের সঙ্গে রবির সংঘাতের কথা মাথায় রেখেই হয়তো প্রথম দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে চাইলেন যে, বাংলা কিন্তু অন্যরকম। এখানে কাজ করতে হলে বাংলার আবেগ ও সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে।

এদিন কেবল রাজনৈতিক বার্তা নয়, ব্যক্তিগত সৌজন্যেও খামতি রাখেননি মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে লোকভবনের করিডরে রাজ্যপাল ও তাঁর স্ত্রীর সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে দেখে সস্ত্রীক রাজ্যপাল ভিজিটরস রুম থেকে বেরিয়ে আসেন। সেই সময় রাজ্যপালের স্ত্রীকে উত্তরীয় পরিয়ে দিয়ে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজভবন ও নবান্নের এই সম্পর্ক আগামী দিনে কোন পথে চলে, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *