উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গে শীতের আমেজ ফিকে হয়ে এখন বসন্তের দাপট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শীত। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার টান কমায় চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সকাল-ভোরের হালকা শিরশিরানি থাকলেও, রোদের তেজে দিনের বেলায় কার্যত গলদঘর্ম অবস্থা হবে রাজ্যবাসীর (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ভোরের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। পাহাড়ি জেলাগুলিতে মনোরম পরিবেশ থাকলেও সমতলে রোদের তেজ বাড়বে। আপাতত তাপমাত্রা হেরফের হওয়ার ইঙ্গিত নেই খুব একটা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলীয় জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে। বিশেষ করে পুরুলিয়া ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় মঙ্গলবার তাপমাত্রা ১৭ ডিগ্রি থাকলেও সপ্তাহের শেষে তা ৩১ ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে।
নিম্নচাপের প্রভাব
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়ে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোলেও পশ্চিমবঙ্গের ওপর এর সরাসরি কোনও প্রভাব পড়বে না। ফলে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, কেবল আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়তে পারে।
