উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণবঙ্গ যখন গরমে হাঁসফাঁস করছিল, তখন স্বস্তির বার্তা নিয়ে এসেছিল ঝড়-বৃষ্টি (Climate Replace)। কিন্তু এবার উত্তরবঙ্গজুড়েই বড় দুর্যোগের সংকেত দিচ্ছে আবহাওয়া দপ্তর। হিমালয় সংলগ্ন জেলাগুলোতে ঝড়ের দাপট বাড়ার পাশাপাশি ভোট গণনার দিন অর্থাৎ ৪ মে বাংলার আকাশ মেঘলা থাকবে না কি অঝোর ধারায় ঝরবে বৃষ্টি— তা নিয়েই এখন বাড়ছে উৎকণ্ঠা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের (North Bengal Rain) সবকটি জেলাতেই বৃষ্টির তাণ্ডব চলবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে সবথেকে বেশি। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। মালদা ও দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ে ধস এবং সমতলে ঝড়ের কারণে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শনিবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। কাল রবিবার থেকে বৃষ্টির তেজ আরও বাড়বে। বিশেষ করে বাঁকুড়া, মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের দাপট দেখা যেতে পারে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম থাকবে।
সবথেকে বড় প্রশ্ন ৪ মে নিয়ে। ওইদিন রাজ্যের ভাগ্য নির্ধারণ বা ভোট গণনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের এই ধারা বজায় থাকবে। অর্থাৎ, গণনার দিনও বাংলা ভিজতে পারে বৃষ্টিতে। রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে থাকবে, তখন প্রকৃতির এই শীতল পরশ জয়ী প্রার্থীদের বিজয় মিছিলে বাধা হবে নাকি স্বস্তি আনবে— সেটাই দেখার।
