উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি এগোতেই বিদায়ের সুর বাজতে শুরু করেছে শীতের। গত কয়েকদিন শীতের ‘সেকেন্ড ইনিংস’ জমিয়ে উপভোগ করলেও, এবার ড্রেসিংরুমে ফেরার পালা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে রাজ্যজুড়ে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। ফলে আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে’র সময় থেকেই শীতের আমেজ কাটিয়ে গরম অনুভূত হতে পারে বাংলায় (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও (North Bengal) বুধবারের পর থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত মিলেছে। শীতের প্রভাব দক্ষিণবঙ্গের চেয়ে বেশি থাকলেও গরমের ছোঁয়া সেখানেও লাগবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে ঘন কুয়াশার জন্য কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি। তবে আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী কয়েকদিন মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পাশাপাশি আগামী দু’দিনে পারদ ২-৩ ডিগ্রি চড়বে, যার ফলে ভোরের শিরশিরানি কমবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। তবে সপ্তাহের শেষে মহানগরের পারদ ১৭ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই; আকাশ মূলত পরিষ্কার থাকবে।
গত বছর অর্থাৎ ২০২৫-এর ফেব্রুয়ারির শুরুতেই শীত বিদায় নিলেও, এবার শীত কিছুটা বেশি স্থায়ী হয়েছে। তবে আবহবিদদের মতে, এই সপ্তাহ থেকেই শীতের দাপট কমে গরমের অস্বস্তি বাড়তে পারে। তাই শেষবেলার এই ঠান্ডাটুকু উপভোগ করে নিতে চাইছেন রাজ্যবাসী।
