উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার ক্রিকেটের মহাযুদ্ধ। টি-টোয়েন্টি বিশ্বকাপে (India vs Pakistan T20 World Cup) মুখোমুখি ভারত ও পাকিস্তান। নানা টালবাহানা কাটিয়ে অবশেষে এই ম্যাচ নিয়ে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই ভিলেন হিসেবে হাজির হয়েছে ‘বরুণ দেব’ (India vs Pakistan Rain Replace)। আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রবিবারের হাই-ভোল্টেজ ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি (Climate Forecast Colombo)।
শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০-৬৫ শতাংশ। আকাশ পুরোপুরি মেঘলা থাকবে এবং ম্যাচের আগে ও দুপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে টস বা ম্যাচ শুরু হতে দেরি হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। পুরো ম্যাচ ভেস্তে না গেলেও, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমে আসার সম্ভাবনা প্রবল।
কলম্বোর পিচ ঐতিহ্যগতভাবেই স্পিনারদের স্বর্গরাজ্য। চলতি বিশ্বকাপে এই মাঠে মাত্র একটি ম্যাচেই ২০০-র বেশি রান উঠেছে।
ভারতের শক্তি: বরুণ চক্রবর্তী এবং অক্ষর পটেলদের ঘূর্ণি।
পাকিস্তানের অস্ত্র: আবরার আহমেদ, শাদাব খান ও উসমান তারিকের স্পিন আক্রমণ।
তবে বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকলে বল গ্রিপ করা কঠিন হয়ে পড়তে পারে স্পিনারদের জন্য। সেক্ষেত্রে দুই অধিনায়ককেই বোলিং পরিবর্তনে বিশেষ মুন্সিয়ানা দেখাতে হবে।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে ভারত (প্রতিপক্ষ ছিল আমেরিকা ও নামিবিয়া) এবং পাকিস্তান (প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস ও আমেরিকা)। রবিবার যে দল জিতবে, তারাই গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী পর্বে যাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে থাকবে।
