চোপড়া: মঙ্গলবার সকালে কুয়াশাচ্ছন্ন রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের চোপড়া থানার (Chopra) ঘিরনিগাঁওয়ের মোলানি এলাকা। দাসপাড়া এলাকার একটি বেসরকারি স্কুলের ১০-১২ জন পড়ুয়াকে নিয়ে যাওয়ার পথে একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে যায় (Highway accident)। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম ছিল। মোলানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর সঙ্গে সংঘর্ষের জেরে ছিটকে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় স্কুল পড়ুয়াবোঝাই ভ্যানটি। ঘটনায় গাড়িতে থাকা প্রায় প্রতিটি শিশুই কমবেশি জখম হয়েছে। দুর্ঘটনার খবর পেতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।
আসিরুল ইসলাম নামে এক অভিভাবক আতঙ্কের স্বরে বলেন, ‘ছেলেকে গাড়িতে তুলে দিয়ে বাড়ি ফেরার আগেই চালকের ফোন পাই। ঘটনাস্থলে এসে দেখি গাড়িটি জলে পড়ে আছে আর ভেতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে। আমরা দ্রুত তাদের উদ্ধার করি।’ অন্যদিকে স্থানীয় বাসিন্দা ফারুক আলম জানান, চালক টোটোটিকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। টোটো চালকও এই দুর্ঘটনায় জখম হয়েছেন। এদিন আহত পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজনকে তড়িঘড়ি দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।
