চোপড়া: এসআইআরের (SIR) কাজ নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন করেছেন চোপড়া (Chopra) ব্লকের পাঁচ বুথ লেভেল অফিসার (বিএলও) (BLO)। মঙ্গলবার তাঁদের মধ্যে দু’জনকে ব্লক প্রশাসনের তরফে সংবর্ধনা দেওয়া হল।
জানা গিয়েছে, ১০ দিন আগেই ব্লকের ৫ বিএলও এনুমারেশন ফর্ম আপলোডের কাজ শেষ করেছেন। বিডিও সৌরভ মাজি বলছেন, ‘এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে এলাকায় কোথাও কোনওরকম সমস্যার নেই।’
চোপড়া ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লকে এদিন বিকাল পর্যন্ত ৮৩ শতাংশ ফর্ম ডিজিটালাইজেশন হয়েছে। ২১৩ নম্বর বুথের বিএলও শেখ সমশের আলি, ২২ নম্বর বুথের বর্ণিম দেবশর্মা, ১৪৯ নম্বর বুথের সামসুল হক, ১৮৯ নম্বর বুথের মুস্তাক আহামেদ, ১৭৮ নম্বর বুথের আহামেদ রাজা ১০০ শতাংশ ফর্ম ডিজিটালাইজেশন করে নিয়েছেন বলে জানা গিয়েছে। এদিন বিডিও’র চেম্বারে শেখ সমশের আলি ও সামসুল হক উপস্থিত থাকায় তাঁদের দুজনকে সম্মানিত করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) বিপ্লব বিশ্বাস।
কাঠগাঁও প্রাইমারি স্কুলের টিআইসি তথা বিএলও শেখ সমশের আলি বলেন, ‘তিনি চারদিন পর সম্পূর্ণ ফর্ম পেয়েছিলেন। মোট ভোটার ১,০৪৬ জন। সোমবার সন্ধ্যায় কাজ শেষ হয়েছে।’ একইসঙ্গে ওই স্কুলের শিক্ষক ১৪৯ নম্বর বুথের বিএলও সামসুল হক জানান, কাজ সম্পূর্ণ করেছেন। এবার স্কুলে ফিরবেন। অন্যদিকে গুঞ্জুড়িয়াগছ জুনিয়ার গার্লস হাইস্কুলের টিআইসি তথা ২২ নম্বর বুথের বিএলও বর্ণিম দেবশর্মা জানান, এবার প্রথম বিএলও-র দায়িত্ব পেয়েছিলেন। আগামীকাল থেকে স্কুলে ফিরবেন তাঁরা।
