চ্যাংরাবান্ধা: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে চ্যাংরাবান্ধা বাজারে অতি প্রাচীন দুর্গামণ্ডপ পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। আর এদিকে সোমবার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে,এই অভিযোগ তুলে বিজেপি নেতৃত্ব কাজ বন্ধ করে দিয়েছেন। বিজেপির মেখলিগঞ্জ উত্তর মন্ডলের সম্পাদক সন্তোষ ঠাকুর,যুব নেতা শুভময় ঘোষ সহ অন্যান্যরা চ্যাংরাবান্ধা বাজারের নির্মীয়মান দূর্গা মণ্ডপ চত্ত্বরে এদিন বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তাদের দাবি, সঠিক মানের সামগ্রী দিয়ে মণ্ডপ নির্মাণ করতে হবে। কাজের সুপারভাইজার বাবলু বর্মন জানান, কাগজে যতটা বলা আছে ততটা দিয়েই কাজ করা হচ্ছে। তবে বিক্ষোভের পর কাজ বন্ধ আছে বলে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার সৌম্যব্রত ঘোষ দস্তিদার। তিনি জানান, পাথর-রডের মান ঠিকই আছে। সিমেন্ট নিয়ে অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে বিজেপি নেতৃত্ব জানান ,সঠিক সামগ্রী না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।
