উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর অ্যাপেক্স কাউন্সিলের রায়ের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন ক্রিকেটার ও আইনজীবী প্রাঞ্জল পাল (Pranjal Pal)। সিএবির অ্যাপেক্স কাউন্সিলের (Apex Council) সদস্য সুরজিৎ লাহিড়ির (Surajit Lahiri) বিরুদ্ধে ‘স্বার্থের সংঘাত’-এর অভিযোগ তুলেছিলেন তিনি। তবে সিএবির এথিক্স অফিসার সেই অভিযোগ খারিজ করে দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রাঞ্জল।
বেঙ্গল টি-টোয়েন্টি লিগের দল ‘নোভাস পুরুলিয়া রয়্যালস’-এর সঙ্গে যুক্ত রয়েছেন সুরজিৎ লাহিড়ি। টাউন ক্লাবের কর্তা সুরজিৎ গত ১০ মে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের নিলামে পুরুলিয়া রয়্যালসের টেবলে উপস্থিত ছিলেন এবং টুর্নামেন্ট চলাকালেও নিয়মিত ওই ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই ছিলেন। এই ঘটনার পরই তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলে সিএবির এথিক্স অফিসার বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের কাছে চিঠি দেন প্রাঞ্জল পাল। আবেদনে সুরজিৎকে সিএবির অ্যাপেক্স কমিটি থেকে বহিষ্কার, আর্থিক জরিমানা এবং সমস্ত ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার দাবি জানানো হয়েছিল।
প্রাঞ্জল পালের আনা সেই অভিযোগ প্রমাণের অভাবে খারিজ করে দিয়েছে সিএবি। এথিক্স অফিসারের মতে, অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে নিছক হয়রানি করার জন্যই এই অভিযোগ আনা হয়েছিল। পাশাপাশি, যে প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই স্বার্থের সংঘাতের অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে অভিযোগকারীর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ নেই এবং তাঁর প্রভাবিত হওয়ারও কোনও সম্ভাবনা নেই। এই যুক্তিতেই সুরজিৎ লাহিড়িকে ক্লিনচিট দেওয়া হয়।
সিএবির এই রায়ের তীব্র সমালোচনা করে প্রাঞ্জল পাল বলেন, “এটা অত্যন্ত আশ্চর্যজনক যে, একজন অ্যাপেক্স কাউন্সিল সদস্য একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সরাসরি যুক্ত থাকা সত্ত্বেও কোনও ‘স্বার্থের সংঘাত’ খুঁজে পাওয়া যায়নি। এই রায় ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা আনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের জন্য বিরাট ধাক্কা।”
তিনি আরও বলেন, “আমি এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি এবং আইনানুযায়ী উপযুক্ত আদালতে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানাব। ক্রিকেট প্রশাসনের সততা ও নিরপেক্ষতা রক্ষার জন্য যে আইনি সুরক্ষাগুলো আনা হয়েছিল, সেগুলো কোনোভাবেই লঘু হতে দেওয়া যায় না।”

