উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজভবনের বিরোধের জল গিয়ে গড়াল থানা-পুলিশ অবধি। মঙ্গলবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে সরাসরি থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C. V. Ananda Bose)। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার কল্যাণ দাবি করেন, রাজভবনে বোমা-বন্দুক মজুত রয়েছে। কল্যাণ বলেন, ‘রাজ্যপালকে আগে বলুন যেন উনি বিজেপির ক্রিমিনালদের রাজভবনে ঠাঁই দেওয়া বন্ধ করেন। রাজভবনে বসে ক্রিমিনালদের ডাকছেন। সবার হাতে একটা বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। দিয়ে বলছেন, তৃণমূলকে মেরে এসো। আগে এগুলো বন্ধ করতে হবে।’
এই অভিযোগের পরই সোমবার ভোর ৫টা থেকে ১০০ জনের মধ্যে সীমিত সংখ্যক সাংসদ, নাগরিক সমাজের প্রতিনিধিদের এবং সাংবাদিকদের জন্য রাজভবন খুলে দেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া রাজভবনে বম্ব স্কোয়াড ডেকে তল্লাশি চালানো হয়। রাজ্য পুলিশও রাজভবনের আনাচে কানাচে তল্লাশি চালায়। কিন্তু কোনো বোমা বন্দুক মেলেনি। মঙ্গলবার রাজভবনের তরফে তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। রাজভবন সূত্রে খবর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহকে উসকে দেওয়া সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, চিঠি দেওয়া মানেই এফআইআর নয়। আইন আমি সি ভি আনন্দ বোসের থেকে বেশি বুঝি। পালটা বক্তব্য রেখে রাজ্যপালকে আজও তীব্র আক্রমণ করেন কল্যাণ।
