উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Buxa Tiger Reserve) ‘তৃণভোজী প্রাণীর সংখ্যা বৃদ্ধি’ (Prey Base Augmentation) কর্মসূচিতে এক বড়সড় সাফল্য পেল বনদপ্তর। গত ফেব্রুয়ারি মাসে বেথুয়াডহরি (Bethuadahari Wildlife Sanctuary) থেকে নিয়ে আসা হরিণদের মধ্যে একটি মা হরিণ সম্প্রতি একটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে। বক্সা বনদপ্তরের এই সাফল্যে খুশি বনকর্তা থেকে শুরু করে বন্যপ্রাণী প্রেমীরা।
বনদপ্তর সূত্রে জানা গেছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পশ্চিম) ডিভিশনের অন্তর্গত পশ্চিম রাজাবাতখাওয়া রেঞ্জের ২৫ মাইল এলাকায় ২.২০ হেক্টরের একটি ঘেরা জায়গায় (Enclosure) এই হরিণদের রাখা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নদীয়া-মুর্শিদাবাদ ডিভিশনের বেথুয়াডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে মোট ১১টি চিতল হরিণ (৩টি পুরুষ ও ৮টি স্ত্রী) এখানে নিয়ে আসা হয়েছিল।
হরিণগুলি নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার মাঝেই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে একটি স্ত্রী হরিণ একটি শাবকের জন্ম দেয়। বন আধিকারিকদের মতে, এই ঘটনা প্রমাণ করে যে বক্সার বনভূমি ও কৃত্রিম ঘেরাটোপের পরিবেশ হরিণদের প্রজননের জন্য অত্যন্ত অনুকূল। ব্যাঘ্র প্রকল্পে বাঘের খাবারের জোগান নিশ্চিত করতে এই ‘প্রে-বেস অগমেন্টেশন’ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর নতুন শাবকের জন্ম সেই লক্ষ্যপূরণের পথকে আরও প্রশস্ত করল।
