উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় এসেই নজিরবিহীন সিদ্ধান্তের কথা ঘোষণা করল বিএনপি। মঙ্গলবার জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার (Oath Taking Ceremony) পর দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত বিএনপি সাংসদরা শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লটের মতো কোনও বিশেষ সুবিধা গ্রহণ করবেন না। প্রথম দিনেই এমন ঘোষণাকে রাজনৈতিক মহলে বড় ‘চমক’ হিসেবে দেখা হচ্ছে।
আজ সকাল সাড়ে ১১টা নাগাদ পবিত্র কোরান পাঠের মাধ্যমে বিএনপির (BNP) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। শপথ নেওয়ার পরপরই সংসদীয় দলের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তাঁরা। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে (Tarique Rahman) দেশের প্রধানমন্ত্রী এবং সংসদীয় দলের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।
সংসদীয় দলের ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে, জনগণের সেবাকে প্রাধান্য দিতে কোনও বিএনপি সাংসদ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা নেবেন না এবং সরকারের বরাদ্দ করা কোনও প্লট গ্রহণ করবেন না। মূলত বিলাসবহুল সরকারি সুযোগ-সুবিধা ত্যাগ করে নতুন ধারার রাজনীতি শুরুর বার্তা দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি বিশেষ দিক লক্ষ্য করা গেছে। বিএনপির নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও, ‘সংবিধান সংস্কার কমিশন’-এর সদস্য হিসেবে শপথ নেননি। শপথের আগেই কক্সবাজার–১ আসনের সাংসদ ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় সদস্যদের এই নির্দেশ দেন। তিনি স্পষ্ট জানান, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে এসেছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়।
বিএনপির এই অবস্থানের ফলে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে সংশয় ও ধোঁয়াশা তৈরি হয়েছে। সংসদীয় রাজনীতির শুরুতেই বিএনপির এই কঠোর অবস্থান এবং জনমুখী ঘোষণা আগামী দিনে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
