উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Shuvendu Adhikari) এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের (State BJP president Samik Bhattacharya) সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার দপ্তর বণ্টন প্রক্রিয়া চূড়ান্ত করল বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের (Amit Shah) সম্মতিক্রমে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।
স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমিরাজস্ব এবং বিদ্যুৎ—এই গুরুত্বপূর্ণ দফতরগুলি নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন পেশায় চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়। শিল্প ও বাণিজ্যের দায়িত্ব পাচ্ছেন বর্ষীয়ান নেতা তাপস রায়। অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন স্বপন দাশগুপ্ত।
শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে বিজেপি এবার শিক্ষা দপ্তরকে দুই ভাগে ভাগ করেছে। উচ্চশিক্ষা পাচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুলশিক্ষা দপ্তর সামলাবেন উত্তরবঙ্গের বিজেপি নেতা দীপক বর্মন। সঙ্ঘ ও বিজেপির আদর্শগত মাপকাঠিতে এই দুই নেতার নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি এবং বাম-তৃণমূল জমানার প্রভাব কাটিয়ে নতুন শিক্ষানীতি ও পাঠ্যক্রম প্রণয়নই হবে তাঁদের প্রধান চ্যালেঞ্জ।
এছাড়া অন্যান্য মন্ত্রীদের দায়িত্বও নিশ্চিত হয়েছে। দিলীপ ঘোষ পেয়েছেন পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ দফতর। অগ্নিমিত্রা পাল নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়নের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া খাদ্য ও সরবরাহ এবং ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়েছেন। যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ ক্রীড়া, যুব বিষয়ক এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব পাচ্ছেন। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকে পর্যটন দপ্তর এবং অর্জুন সিংহকে পরিবহণ ও শ্রম দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী হিসেবে দুধকুমার মণ্ডলের নাম নিয়েও আলোচনা চলছে।
দীর্ঘদিন পর রাজ্যে পালাবদলের পর এই মন্ত্রিসভা গঠনের মাধ্যমে প্রশাসন ও সংগঠন—উভয় ক্ষেত্রেই বিজেপির লক্ষ্য স্পষ্ট। কেন্দ্রীয় নেতৃত্বের আশা, এই নতুন মুখেরা রাজ্যের শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। যদিও আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণার সময় বা দিনক্ষণ এখনও সরকারিভাবে জানানো হয়নি। তবে বিজেপি সূত্রের খবর, শেষ মুহূর্তে তালিকার কিছু ছোটখাটো অদলবদল হতে পারে।
