BJP BLA Attacked | জামালপুরে বিজেপির বিএলএ-কে ‘মারধর ও প্রাণনাশের হুমকি’! অভিযুক্ত তৃণমূল  

BJP BLA Attacked | জামালপুরে বিজেপির বিএলএ-কে ‘মারধর ও প্রাণনাশের হুমকি’! অভিযুক্ত তৃণমূল  

ব্লগ/BLOG
Spread the love


বর্ধমান: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত পূর্ব বর্ধমানের জামালপুর। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) পর্বে কাজ করার অপরাধে বিজেপির এক বিএলএ-২ (BLA-2)-কে বাড়িতে চড়াউ (BJP BLA Attacked) হয়ে মারধর ও ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত নবকুমার কর্মকার বৃহস্পতিবার জেলা পুলিশ ও জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাড়াতল ১ নম্বর পঞ্চায়েতের পর্বতপুরের ১২৯ নম্বর বুথের বিজেপি নিযুক্ত বিএলএ নবকুমার কর্মকার জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ১১টা নাগাদ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী লাল্টু ভঞ্জ ও তাঁর দলবল মদ্যপ অবস্থায় তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, তাঁর হাতে ধারালো অস্ত্র ঠেকিয়ে বলা হয়, “তুই বিজেপি করিস বলেই ১২৯ নম্বর বুথে বিএলএ হয়েছিস! যদি ফের বিজেপি করিস তবে প্রাণে মেরে দেব।” এমনকি পুলিশকে জানালেও কোনও লাভ হবে না বলে তৃণমূল নেতা হুঁশিয়ারি দেন বলে আক্রান্তের দাবি।

বিজেপি নেতা প্রধানচন্দ্র পালের অভিযোগ, “বিজেপির বিএলএ-রা বুথে সক্রিয় থাকায় তৃণমূল এবার ভুয়ো ভোটার ঢোকাতে পারছে না। আসন্ন ভোটে এরাই এজেন্ট হলে ভোট লুঠ করা যাবে না বুঝেই আক্রমণ শুরু করেছে তৃণমূল।”

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত লাল্টু ভঞ্জ। জেলা তৃণমূল নেতা শ্রীমন্ত রায় ও শুভ্রনীল চৌধুরী পাল্টা দাবি করেছেন, “জামালপুরে হার নিশ্চিত জেনেই বিজেপি এখন অস্তিত্ব রক্ষায় মিথ্যে অভিযোগ করে তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে।”

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জামালপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *