উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Meeting elections) জন্য দ্বিতীয় প্রার্থীতালিকা (Second candidates record) প্রকাশ করল বিজেপি (BJP)। মোট ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আর এই দ্বিতীয় তালিকাতেই রয়েছে বিজেপির অন্যতম হেভিওয়েট প্রার্থী গায়িকা মৈথিলী ঠাকুরের নাম (Maithili Thakur)।
জল্পনা সত্যি করে মঙ্গলবারই পাটনায় দলীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন মৈথিলী। তার একদিন পরই বিহারের দ্বারভাঙা জেলার আলিনগর বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই আসনে যে মৈথিলীকে প্রার্থী করা হতে পারে, সেই গুঞ্জন প্রথম থেকেই শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনও সত্যিই হল।
মৈথিলী ছাড়াও প্রাক্তন আইপিএস অফিসার আনন্দ মিশ্রকে বিহারের বক্সার বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি ছেড়ে সম্প্রতি পদ্মশিবিরে যোগ দিয়েছেন তিনি। এছাড়াও দ্বিতীয় প্রার্থীতালিকার অন্যান্য গুরুত্বপূর্ণ নামগুলির মধ্যে রয়েছে মুজাফফরপুর থেকে রঞ্জন কুমার। বিদায়ী বিধায়ক সুরেশ শর্মার জায়গায় প্রার্থী করা হল তাঁকে। পাশাপাশি হায়াঘাট থেকে রাম চন্দ্র প্রসাদ, গোপালগঞ্জ থেকে সুভাষ সিং এবং বানিয়াপুর থেকে ছোটি কুমারীকে বিজেপি প্রার্থী করা হয়েছে। বিহারে ভোটের জন্য এখনও পর্যন্ত মোট ৮৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। মঙ্গলবারই ৭১ জনের প্রথম তালিকা প্রকাশ করা হয়েছিল। এদিন আরও ১২টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করা হল। এবারের নির্বাচনে ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। আগামী ৬ ও ১১ নভেম্বর দুই ধাপে বিহার বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে। ফলাফল ঘোষণা হবে আগামী ১৪ নভেম্বর।
