BJP | বিজেপি নেতার দরজায় সাদা থান ও রজনীগন্ধার মালা! কাঠগড়ায় তৃণমূল

BJP | বিজেপি নেতার দরজায় সাদা থান ও রজনীগন্ধার মালা! কাঠগড়ায় তৃণমূল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দল না ছাড়লে ‘মৃত্যু’ অনিবার্য? বীরভূমের নানুরের কুড়গ্রামে এক বিজেপি নেতার (BJP Chief) বাড়ির দরজায় সাদা থান কাপড় ও রজনীগন্ধার মালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় এমনই এক অশুভ সংকেত ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অভিযোগের তির সরাসরি শাসকদল তৃণমূলের দিকে। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে ‘বিজেপির নাটক’ বলে উড়িয়ে দিয়েছে।

বুধবার সকালে বিজেপির নানুর ৩ নম্বর মণ্ডল কমিটির সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের (Ramkrishna Mondal) বাড়ির গেটে একটি থলে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। থলেটি খুলতেই দেখা যায় তার ভেতরে রয়েছে, একটি সাদা ধুতি (থান), রজনীগন্ধার মালা, ধূপকাঠি ও এক প্যাকেট মিষ্টি।

এই সামগ্রীগুলো সাধারণত শেষকৃত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। বাড়ির দরজায় এমন জিনিস দেখে শিউরে ওঠেন রামকৃষ্ণবাবু ও তাঁর পরিবারের সদস্যরা। বিশেষ করে বাড়ির মহিলা ও শিশুরা চরম মানসিক আতঙ্কে রয়েছেন।

রামকৃষ্ণ মণ্ডলের দাবি, কয়েকদিন আগে তাঁর বাড়িতে বিজেপির একটি কর্মসূচি হওয়ার পর থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। তাঁকে বারবার বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তিনি রাজি না হওয়ায় ভয় দেখাতে রাতের অন্ধকারে এই কান্ড ঘটানো হয়েছে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “ভোটের আগে সন্ত্রাস সৃষ্টি করতে তৃণমূলই এই জঘন্য কাজ করেছে।”

তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমাদের কেউ এর সঙ্গে জড়িত নয়। মানুষের নজর কাড়তে বিজেপি নিজেই এই নাটক করছে।” নানুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *