উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ঐতিহাসিক ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণের সুর বাঁধলেন বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উপস্থিতিতে আয়োজিত এই সভায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—রাজ্য রাজনীতির একাধিক হেভিওয়েট মুখকে দেখা গেল একযোগে সুর চড়াতে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর বক্তব্যে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) নিশানা করেন। কৃষকদের বঞ্চনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী কি তা দেখতে পান না?’’ রাজ্যে আলু চাষিদের হাহাকারের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়লে আলুর সঠিক সহায়ক মূল্য নিশ্চিত করা হবে। একইসঙ্গে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গকে ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে রক্ষা করতে চাইলে রাজ্যে বিজেপির সরকার গড়া প্রয়োজন।’’
মঞ্চে দাঁড়িয়ে একইভাবে কড়া আক্রমণ শানান সদ্য বিজেপি-তে আসা প্রবীণ নেতা তাপস রায় (Tapas Roy)। তিনি অভিযোগ করেন, এ রাজ্যে সংখ্যাগুরু মানুষ বঞ্চনার শিকার হচ্ছেন। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যকে টেনে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবীরের কথার মধ্যে কোনও ফারাক নেই।’’ তবে বাঙালির আবেগকে গুরুত্ব দিয়ে তিনি স্পষ্ট জানান, বিজেপি বাঙালি ও অ-বাঙালির বিভাজনে বিশ্বাস করে না।
এদিন ব্রিগেডের মঞ্চ ছিল তারকার মেলায় উজ্জ্বল। সভাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বর্ষীয়ান নেতা তথাগত রায় এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য, এই মেগা সভায় যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। মোদীর আগমনের আগে তাঁদের প্রত্যেকের বক্তব্যেই ছিল তৃণমূল সরকারকে হঠানোর ডাক।
