নাগরাকাটা গোরুর জন্য ঘাস কাটতে গিয়ে বুনো বাইসনের (Bison Assault) মুখে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। শুক্রবার দুপুরে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের ২২ নম্বর সেকশনে এই ঘটনাটি ঘটে। মৃত মহিলার নাম সাবিত্রী কাওয়ার (৫৮)। তিনি বামনডাঙ্গা চা বাগানের মডেল ভিলেজের বাসিন্দা ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে অন্যান্য মহিলাদের সঙ্গে চা বাগানের ২২ নম্বর সেকশনে গোরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন সাবিত্রী দেবী। সেই সময় পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক বাইসন আচমকা বেরিয়ে এসে তাঁদের সামনে পড়ে যায়। বিপদের আঁচ পেয়ে অন্যান্য মহিলারা দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেও, সাবিত্রী দেবী দিকভ্রান্ত হয়ে ঘটনাস্থলে থমকে দাঁড়িয়ে পড়েন।
বাইসনটি সাবিত্রী দেবীকে একা পেয়ে তাঁর পেটে ও বুকে শিং দিয়ে সজোরে আঘাত করে। আক্রমণের তীব্রতায় তিনি বেশ কয়েক ফুট দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাইসনটি জঙ্গলে ফিরে যাওয়ার পর স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছান ডায়না রেঞ্জের বনকর্মী ও নাগরাকাটা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে। চা বাগান সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর আনাগোনা বেড়ে যাওয়ায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন দপ্তর।
