উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিহার নির্বাচনের শোচনীয়ভাবে পরাজিত হয় ভোট কুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। একটিও আসন পায়নি দলটি। শুক্রবার ফল ঘোষণার পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জন সুরাজের তরাই কেন্দ্রের প্রার্থী চন্দ্রশেখর সিংয়ের। বয়স হয়েছিল ৬৩। চন্দ্রশেখর সিং এবারের নির্বাচনে পেয়েছেন মাত্র ২,২৭১টি ভোট। এই কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিশাল প্রশান্ত।
জানা গিয়েছে, গত ৩১ অক্টোবর নির্বাচনি প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন চন্দ্রশেখর। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল পটনার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। তখন থেকেই তিনি ভর্তি ছিলেন সেই হাসপাতালেই। শুক্রবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই তিনি উদ্বেগের মধ্যে ছিলেন। খোঁজ নিচ্ছিলেন তাঁর কেন্দ্রের ফলাফলের উপর। তিনি হেরে যান বিপুল ভোটে। এরপরেই বিকেল ৪টা নাগাদ দ্বিতীয় বার হৃদরোগে আক্রান্ত হন চন্দ্রশেখর। এবার আর আর তাঁর প্রাণ বাঁচাতে পারলেন না চিকিৎসকরা। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। স্তব্ধ জন সুরাজের শিবিরও।
দলীয় সূত্রে খবর, প্রয়াত চন্দ্রশেখর সিং ছিলেন কুড়মুড়ি গ্রামের বাসিন্দা। পেশায় ছিলেন অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক। তিনি এলাকার জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন। অরাজনৈতিক পরিবার থেকে এসেও প্রশান্ত কিশোরের কাজে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে নামেন তিনি। এলাকার মানুষের বিশ্বাস, সেই সম্মান এবং গ্রহণযোগ্যতার জোরেই তাঁকে প্রার্থী করেছিল জন সুরাজ।
