উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামনে বিহারে (Bihar) ভোট। এদিকে মহাগঠবন্ধনের আসনরফা নিয়ে জট কাটেনি। তবে বুধবার কংগ্রেসের তরফে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) পাটনায় এসে আরজেডি (RJD) প্রধান লালুপ্রসাদের সঙ্গে বৈঠক করেন। এরপর তাঁর কথায় জট কেটে যাওয়ার সুর শোনা গেল।
তিনি জানালেন, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক হবে। সেখানেই সমস্ত জট কেটে যাবে।
বিহারে ২৪৩টি আসনের জন্য বিরোধী জোটের বিভিন্ন সহযোগী দলের ২৫৩ জন প্রার্থী এখনও রয়ে গিয়েছেন। এই ১০টি আসনের মধ্যে প্রথম দফার ভোটের তিনটি আসনে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গিয়েছে।
আবার এদিকে লালু পুত্র তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা নিয়ে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে বিশেষ করে কংগ্রেসের মতবিরোধ রয়েছে।
কিন্তু বুধবার পাটনায় লালুর সঙ্গে অশোকের যে বৈঠক হয় সেখানে লালুর স্ত্রী রাবড়ি দেবী ও তেজস্বীও ছিলেন।
যদিও এনিয়ে অশোক কোনও মন্তব্য করেননি। তিনি শুধু বলেন, ‘সময় হলে এবিষয়ে আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব।’
