উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বেআইনি জুয়াচক্র (Betting Racket) চালানোর অভিযোগে কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কে. সি. বীরেন্দ্র (পপি)-কে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দু’দিন ধরে ভারতজুড়ে তল্লাশি অভিযান চালানোর পর সিকিম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই তদন্তে একটি বড়সড় জুয়াচক্রের সন্ধান মিলেছে, যার সঙ্গে দুবাইয়ের আন্তর্জাতিক ক্যাসিনো ও গেমিং সংস্থার যোগসূত্র আছে বলে জানিয়েছে ইডি (ED)।
সূত্রের খবর, গত ২২ ও ২৩ অগাস্ট সিকিম, কর্ণাটক, রাজস্থান, মহারাষ্ট্র এবং গোয়াতে তল্লাশি চালানো হয়। গোয়ার পাঁচটি ক্যাসিনো (পপিস ক্যাসিনো গোল্ড, ওশন রিভার্স ক্যাসিনো, পপিস ক্যাসিনো প্রাইড, ওশন ৭ ক্যাসিনো এবং বিগ ড্যাডি ক্যাসিনো)-তে অভিযান চালানো হয়। তদন্তকারী সংস্থার মতে, বিধায়ক বীরেন্দ্র ‘কিং৫৬৭’ ও ‘রাজা৫৬৭’-এর মতো একাধিক বেটিং ওয়েবসাইট চালাচ্ছিলেন। তার ভাই কে. সি. থিপ্পেস্বামী দুবাই-ভিত্তিক তিনটি সংস্থা থেকে কল সেন্টার এবং গেমিং কার্যক্রম পরিচালনা করতেন।
তল্লাশি অভিযানে ইডি কর্মকর্তারা ১২ কোটি টাকা নগদ (যার মধ্যে ১ কোটি টাকার বিদেশি মুদ্রা), ৬ কোটি টাকার সোনার গয়না এবং প্রায় ১০ কেজি রূপার গয়না বাজেয়াপ্ত করেছেন। একই ভিআইপি নম্বর (০০৩) সম্বলিত তিনটি বিলাসবহুল গাড়িও উদ্ধার করা হয়েছে। এছাড়াও, একাধিক আন্তর্জাতিক ক্যাসিনো ও বিলাসবহুল হোটেলের সদস্যপদ কার্ড এবং বেশ কিছু মূল্যবান ক্রেডিট ও ডেবিট কার্ডও পাওয়া গেছে। তদন্তকারী সংস্থা বীরেন্দ্রর ভাই কে. সি. নাগরাজ এবং তার ভাইপো পৃথ্বী এন রাজের ১৭টি ব্যাংক অ্যাকাউন্ট, দুটি লকার এবং সম্পত্তি সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করেছে।
