নকশালবাড়িঃ নেপাল থেকে চোরাপথে সুপারি ভারতে এনে অন্যত্র পাচারের চেষ্টা রুখল এসএসবি। রবিবার রাতে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির রখখোলা এলাকায় অভিযান চালিয়ে ৮০ বস্তা সুপারি উদ্ধার করে এসএসবির জওয়ানরা। আটক করা হয়েছে পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।
জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন রাতে এসএসবির জওয়ানরা অভিযান চালায় নকশালবাড়ির রখখোলায়। সেই সময় এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে জওয়ানরা একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালায়। সেই গাড়ি থেকে উদ্ধার হয় ৮০ বস্তা সুপারি। গাড়ির চালকের কাছে ছিল পণ্যের একটি ভুয়ো চালান। এরপরেই চালককে আটক করা হয়।
ধৃত চালকের নাম ইশাদ আলী (২৪)। সে হাতিঘিষার ফ্যাক্টরি লাইন মেরিভিউ চা বাগানের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, চোরাপথে নেপাল থেকে সুপারি ইন্দো-নেপাল সীমান্তবর্তী নিহালজোত গ্রামের একটি বাড়িতে মজুত করা ছিল। সুপারিগুলো পাচার করা হচ্ছিল আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে। এই সুপারি পৌছে দেওয়ার জন্য তাঁর সঙ্গে ৫ হাজার টাকার চুক্তি হয়েছিল। তিনি আরও জানান, সুপারির মালিক দীপ নামে এক যুবক। তিনিই নেপাল থেকে ভারতে সুপারি অবৈধভাবে পাচারের সঙ্গে জড়িত।
এসএসবির তরফে জানানো হয়েছে, নেপাল থেকে চোরাপথে সুপারি এনে সীমান্তবর্তী গ্রাম নিহালজোতে মজুত করা হত। পরে সেই সুপারি অন্যত্র পাচার করা হত। এদিনের উদ্ধার করা সুপারিগুলো পানিট্যাঙ্কি কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে।
