উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় নাটকীয় মোড়। কলকাতা হাইকোর্ট আগাম জামিন খারিজ করার পর এবার সটান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সূত্রের খবর, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছেন তিনি। আগামী ২ জানুয়ারি এই মামলার শুনানি হতে পারে।
হাইকোর্টের কড়া নির্দেশ: গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। এর আগে বারাসত আদালত তাঁকে জামিন দিলেও হাইকোর্ট সাফ জানায়, খুনের মতো গুরুতর অপরাধে কেস ডায়েরি ও তথ্যপ্রমাণ খতিয়ে না দেখেই নিম্ন আদালত জামিন দিয়েছিল, যা একেবারেই সঠিক নয়। আদালত বিডিও-কে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।
বিস্ফোরক অভিযোগ: ঘটনার সূত্রপাত গত ২৮ অক্টোবর। সল্টলেকের দত্তাবাদ এলাকার স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা নিখোঁজ হন এবং পরের দিন নিউ টাউনের যাত্রাগাছি এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ, বিডিও প্রশান্ত বর্মন নীল বাতি লাগানো গাড়ি নিয়ে এসে স্বপনকে অপহরণ করেছিলেন। অভিযোগ আরও যে, চোরাই সোনা কেনাবেচা সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে খুন করা হয়েছে।
আইনি লড়াই ও বর্তমান পরিস্থিতি: হাইকোর্টের নির্দেশের পর থেকেই প্রশান্ত বর্মন অফিসে আসছেন না বলে জানা গিয়েছে। পুলিশের নজর এড়াতে তিনি আত্মগোপন করে আছেন বলেও জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি। জানা গিয়েছে, শীর্ষ আদালতে বিডিও-র হয়ে সওয়াল করতে পারেন বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতাগী।
