উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অবশেষে পুলিশের জালে রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন (BDO Prashanta Barman) । সোমবার রাতে নিউটাউনের ইকো পার্ক থানা এলাকায় পথ দুর্ঘটনায় অভিযুক্ত হওয়ার পর তাঁকে আটক করে পুলিশ। এরপর মঙ্গলবার সকালে ‘মোটর ভেহিকলস অ্যাক্ট’-এর ধারায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ বারাসত আদালতে (Barasat Court docket) পেশ করা হবে।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে মত্ত অবস্থায় গাড়ি চালানোর সময় নিউটাউনে এক পথচারীকে ধাক্কা মারেন প্রশান্ত। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি স্কুটারকেও ধাক্কা মারে, যার ফলে স্কুটার আরোহী আহত হন। স্থানীয়রা গাড়িটিকে আটক করলে পুলিশের হাতে ধরা পড়েন এত দিন ‘ফেরার’ থাকা এই বিডিও।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর সল্টলেকের দত্তাবাদের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের (Gold Dealer Homicide Case) ঘটনায় অন্যতম অভিযুক্ত হলেন প্রশান্ত বর্মন। নিম্ন আদালত থেকে আগাম জামিন পেলেও, বিধাননগর পুলিশের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ খারিজ করে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। পরবর্তীতে ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্টও তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও এতদিন পুলিশের নাগালের বাইরেই ছিলেন তিনি।
পথসুরক্ষা বিধি ভাঙার অপরাধে গ্রেফতার হলেও, পুলিশের আসল লক্ষ্য এখন স্বর্ণব্যবসায়ী খুনের মামলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আদালতে পেশ করার পর স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় তাঁকে নিজেদের হেফাজতে পাওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানাবে বিধাননগর পুলিশ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এই গ্রেফতারিতে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার, রিমান্ডে নিয়ে জেরা শুরু করার পর খুনের মামলার রহস্য উন্মোচনে কী কী তথ্য সামনে আসে।
