বর্ধমান: ঘটা করে শিলান্যাস হয়েছে দেড় বছর আগে। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে রাজ্য সরকারের মডেল প্রকল্প ‘পথশ্রী’র বড় বড় বোর্ড। কিন্তু পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের চকদিঘীতে সেই রাস্তার কাজ আজও অসম্পূর্ণ। বিধানসভা ভোটের মুখে এই ‘হতশ্রী’ রাস্তা ঘিরেই এখন প্রবল অস্বস্তিতে শাসক দল তৃণমূল।
চকদিঘী পঞ্চায়েত এলাকার রামচন্দ্রপুর থেকে রগের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পিচ করার জন্য বরাদ্দ হয়েছিল ৩৯ লক্ষ ৩৬ হাজার ৫২৬ টাকা। প্রকল্পের বোর্ডে ২০২৪ সালের ৭ জুলাই কাজ শুরুর তারিখ থাকলেও গ্রামবাসীদের দাবি, এক ফোঁটা পিচও পড়েনি রাস্তায়। শেখ কুরবান আলী বা সোনালী মালিকদের অভিযোগ, ঠিকাদার কিছু পাথর আর ড্রাম ফেলে রাখলেও পরে তা তুলে নিয়ে চম্পট দেয়। বর্তমানে গোটা রাস্তাটি দুর্ঘটনার আখড়া হয়ে দাঁড়িয়েছে।
জামালপুরের বিডিও পার্থসারথী দে-র দাবি, ১৫০০ মিটারের মধ্যে ৯০০ মিটার কাজ হয়ে গিয়েছে এবং বাকি ৬০০ মিটারের টাকা ফান্ডে রয়েছে। যদিও এই দাবিকে ‘মিথ্যে’ বলে উড়িয়ে দিয়েছেন চকদিঘী পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গৌরসুন্দর মণ্ডল। তাঁর প্রশ্ন, কাজ না হলে প্রকল্পের বোর্ডের তথ্য কেন বদলানো হয়নি? অন্যদিকে, জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খাঁন বিষয়টি ‘খোঁজ নিয়ে দেখার’ গতে বাঁধা আশ্বাস দিয়েছেন।
এই ইস্যুকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিজেপি। জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের তোপ, “চাকরি, কয়লা বা বালির পর এবার রাস্তার টাকাও তৃণমূল নেতারা আত্মসাৎ করেছেন।” বিধানসভা ভোটের আগে এই দুর্নীতি ইস্যু যে জামালপুরের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে, তা স্পষ্ট।
