খড়িবাড়ি: ফের ভারত-নেপাল সীমান্তে (India-Nepal Border) গ্রেপ্তার এক বাংলাদেশি তরুণ (Bangladeshi Arrested)। অভিযোগ, অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন তিনি। এরপরই নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির (Panitanki) গৌরসিংজোত এলাকা থেকে ওই বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে দেয় এসএসবি।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি তরুণের নাম অরুণ কান্তি রায়। বাড়ি বাংলাদেশের লালমনিরহাটে। তিন বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকে গৌরসিংজোত গ্ৰামে বসবাস শুরু করেন অভিযুক্ত। এমনকি নিজের নাম পরিবর্তন করে অর্ঘ্য বর্মন নামে আধার কার্ড, প্যান কার্ড সহ জাল ভারতীয় নথিও তৈরি করেছিলেন।
সোমবার গোপন সূত্রে খবর পেয়ে ওই বাংলাদেশি তরুণকে আটক করে এসএসবি। এরপর ভারতীয় নথি দেখে সন্দেহ হওয়ায় ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এসএসবি আধিকারিকরা। এরপর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজেকে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন। অভিযুক্তের কাছ থেকে বাংলাদেশের জাতীয় নাগরিক পরিচয়পত্র উদ্ধার করেছে এসএসবি। পরবর্তীতে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে আটক করে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। খড়িবাড়ি পুলিশের তরফে আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।
