মালদা: ফের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। রবিবার রাতে গাজোল থানার দাল্লা বাজার এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম বিপুল মালি (৩০)। পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গোরু পাচারের উদ্দেশ্যেই ওই যুবক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দাল্লা বাজার এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন তিনি। তল্লাশিতে তাঁর কাছ থেকে ভারতে থাকার কোনও বৈধ নথিপত্র বা পাসপোর্ট পাওয়া যায়নি। এরপরই পুলিশ নিশ্চিত হয় যে ওই যুবক অবৈধভাবে সীমান্ত পার করেছে।
পুলিশ জানিয়েছে, ধৃত বিপুলের বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার ঘাটনগর এলাকায়। জেরায় বিপুল স্বীকার করেছেন যে তিনি সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে এপারে এসেছেন। পুলিশ খতিয়ে দেখছে, মালদা সীমান্তে সক্রিয় কোনও পাচারকারী চক্রের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ রয়েছে কি না। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। আদালতের কাছে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের আবেদন করতে পারে পুলিশ।
রাজ্যজুড়ে বিএসএফ ও পুলিশের কড়া নজরদারির মধ্যেই কীভাবে ওই যুবক অনুপ্রবেশ করতে সক্ষম হলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
