উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ঘটনায় স্বস্তি পেলেন আন্দোলনকারীরা। শুক্রবার আলিপুর আদালত বেকবাগান বিক্ষোভে ধৃত ১২ জনের জামিন মঞ্জুর করেছে। তিন হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট: গত মঙ্গলবার বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে হিন্দু যুবকের হত্যার প্রতিবাদে তীব্র বিক্ষোভ দেখায় একটি সংগঠন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ ওঠে, পুলিশের দিকে কুশপুতুল পুড়িয়ে ছুড়ে মারা হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এই সংঘর্ষে ৮ জন পুলিশ কর্মী জখম হন। পুলিশ মোট ১৯ জনকে গ্রেফতার করেছিল, যার মধ্যে ৭ জন আগেই জামিন পেয়েছিলেন। বাকি ১২ জনকে শুক্রবার আদালতে পেশ করা হলে তাঁদেরও জামিন দেওয়া হয়।
আদালতে পুলিশের দাবি: এদিন শুনানির সময় সরকারি আইনজীবী ধৃতদের ১২ দিনের পুলিশি হেফাজত চেয়ে চাঞ্চল্যকর দাবি করেন। তাঁর বক্তব্য ছিল:
- বিক্ষোভকারীদের কোনও আন্তর্জাতিক যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
- পুলিশকে এমনভাবে মারা হয়েছে যে আহত কর্মীরা হাসপাতাল থেকে ছাড়া পেলেও কাজে যোগ দিতে পারছেন না।
- বিক্ষোভকারীরা এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে মনে হয় ভারত সরকার হাই কমিশনকে নিরাপত্তা দিতে পারছে না, যা আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে।
আদালতের পর্যবেক্ষণ ও জামিন: অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবী পালটা সওয়াল করেন যে, পুলিশ খুনের চেষ্টার (এটেম্পট টু মার্ডার) ধারা যুক্ত করলেও তার স্বপক্ষে কোনও জোরালো প্রমাণ পেশ করতে পারেনি। মাত্র দু’দিনের তদন্তে কীভাবে খুনের চেষ্টার প্রমাণ পাওয়া সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক শর্তসাপেক্ষে ১২ জনের জামিন মঞ্জুর করেন।
