উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (Bangladesh Election Outcome 2026) ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার আগারগাঁওয়ে নির্বাচন সচিবালয় থেকে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য প্রকাশ করেন। ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার পথে হাঁটছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ও মিত্র জোট। একইসঙ্গে জুলাই সনদ নিয়ে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে বিপুল ব্যবধানে।
দলগত আসনের সমীকরণ:
ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি (BNP) ও তার নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন। এর মধ্যে একক দল হিসেবে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি আসনে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন (জামায়াত এককভাবে ৬৮টি)। এছাড়াও উল্লেখযোগ্য অন্যান্য ফলাফলের মধ্যে রয়েছে:
বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি- ১টি
গণসংহতি আন্দোলন- ১টি
গণঅধিকার পরিষদ- ১টি
জাতীয় নাগরিক পার্টি- ৬টি
বাংলাদেশ খেলাফত মজলিস- ২
খেলাফত মজলিস- ১টি
ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছে ৭টি আসন।
গণভোটের ফলাফল:
সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার ও জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে। ইসি (EC)-র তথ্য অনুযায়ী, গণভোটে ভোটদানের হার ৬০.২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লক্ষ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠ মানুষ রাষ্ট্রের নতুন সংস্কার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।
স্থগিত আসন:
ইসি সচিব জানান, আইনি জটিলতা ও আদালতে মামলা চলমান থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। এ ছাড়াও শেরপুর-২ ও অন্য একটি আসনের ফলাফল আগেই স্থগিত করা হয়েছিল। এই আসনগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্রিফিংয়ের শেষে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।
