উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ বাংলাদেশে চলছে জাতীয় সংসদ নির্বাচন (Bangladesh Election 2026)। ক্ষমতার পটপরিবর্তনের আবহে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে (Delhi-Dhaka relations)। এই আবহে সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দলের অবস্থান স্পষ্ট করলেন বিএনপি (BNP) চেয়ারপার্সন তারেক রহমানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
মাহদী আমিনের মতে, বর্তমানে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে কিছু টানাপড়েন থাকলেও তা কাটিয়ে ওঠার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি জানান, বিএনপি এমন একটি দ্বিপাক্ষিক সম্পর্ক চায় যা পারস্পরিক বিশ্বাস এবং উভয় পক্ষের স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠবে। সম্পর্কের মূল ভিত্তি হতে হবে সাম্য ও ন্যায্যতা, যাতে দুই দেশই সমানভাবে উপকৃত হয়। কেবল ভারত নয়, বাণিজ্য, শিক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে গোটা বিশ্বের সঙ্গে মিলেমিশে কাজ করার পক্ষে মত দেন তিনি।
নির্বাচনে আওয়ামি লিগের অংশগ্রহণ না থাকা প্রসঙ্গে মাহদী আমিন সরাসরি মন্তব্য করেন। তিনি দাবি করেন, গত কয়েক দশকের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস বিচার করে বাংলাদেশের সাধারণ জনতাই আওয়ামি লিগকে রাজনৈতিকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি কোনও চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়, বরং জনআকাঙ্ক্ষার প্রতিফলন।
হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে যে উদ্বেগ তৈরি হয়েছে, সে বিষয়েও মুখ খোলেন তারেক-ঘনিষ্ঠ এই নেতা। তিনি বলেন, বিএনপি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আদর্শে বিশ্বাসী। এই আদর্শ অনুযায়ী ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় এলে সব নাগরিকের সমান সুরক্ষা নিশ্চিত করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
