উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১৯৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। প্রসঙ্গত, প্রায় ১৫ বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের বিদেশ সচিবের মধ্যে বৈঠক হল বৃহস্পতিবার। আর এই বৈঠকেই ১৯৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয় ইউনূস প্রশাসনের তরফ থেকে।এর পাশাপাশি দেশভাগের সময় দুই দেশের যে মোট সম্পত্তি ছিল সেখান থেকে ৪.৩ বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় বাংলাদেশ। এদিনের বৈঠকে কথা হয়, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের সময় বিদেশি সাহায্য হিসাবে পাঠানো অর্থ হস্তান্তরেরও।
আগামী ২৭-২৮ এপ্রিল দুদিনের বাংলাদেশ সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার। তাঁর আগে এদিন পাকিস্তানের বিদেশসচিব আমনা বালোচের সঙ্গে বৈঠক করার পর বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, ‘বাংলাদেশে আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যর্পণ, অবিভক্ত সম্পদের সমান ভাগ ও ১৯৭০-এর সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো বিদেশি তহবিলের ট্রান্সফার নিয়ে কথা হয়েছে এবং পাকিস্তানের কাছে ১৯৭১-এর গণহত্যার জন্য জনসমক্ষে ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। আমরা বলেছি যে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলি সমাধানের এটাই সঠিক সময়। দুই দেশের উন্নয়নের জন্য সম্পর্কের মজবুত কাঠামো তৈরি করতে এই ইস্যুগুলির সমাধান হওয়া প্রয়োজন।”
