উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি লিগের প্রবীণ নেতা তথা শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের প্রাক্তন মন্ত্রী রমেশচন্দ্র সেনের (Ramesh Chandra Sen)। শনিবার সকালে বাংলাদেশের (Bangladesh) দিনাজপুর জেলা কারাগারে বন্দি থাকাকালীন ৮৬ বছর বয়সি এই প্রাক্তন মন্ত্রীর মৃত্যু হয়।
২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে আওয়ামি লিগ নেতাদের ধরপাকড় শুরু হয়। সেই সূত্র ধরেই সে বছরের ১৭ অগাস্ট ঠাকুরগাঁওয়ের বাসভবন থেকে রমেশচন্দ্র সেনকে গ্রেপ্তার করেছিল যৌথ বাহিনী। তারপর থেকেই তিনি জেলবন্দি ছিলেন। কারা কর্তৃপক্ষ সূত্রে খবর, শনিবার সকাল ৯টা নাগাদ কারাগারে আচমকা অসুস্থ বোধ করেন তিনি। দ্রুত তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রমেশচন্দ্র সেন ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত হাসিনা সরকারের জলসম্পদ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এছাড়া তিনি আওয়ামি লিগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঠাকুরগাঁও-১ আসনের দীর্ঘসময়ের সাংসদ ছিলেন। দিনাজপুর জেলের আধিকারিক ফরহাদ সরকারের দাবি, বার্ধক্যজনিত কারণে রমেশচন্দ্র সেন আগে থেকেই অসুস্থ ছিলেন। তবে জেলবন্দি অবস্থায় পর্যাপ্ত চিকিৎসা মিলেছিল কি না, তা নিয়ে ইতিপূর্বেই প্রশ্ন তুলেছিল তাঁর পরিবার।
হাসিনা সরকারের বিদায়ের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করতেই কোণঠাসা হয়ে পড়ে আওয়ামি লিগ। গত কয়েক মাসে বহু প্রাক্তন মন্ত্রী ও সাংসদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় দেড় বছর জেলবন্দি থাকার পর এই প্রবীণ নেতার মৃত্যুতে ওপার বাংলার মানবাধিকার পরিস্থিতি এবং বন্দিদের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে প্রশাসন।
